২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। আগামী ১৫ ডিসেম্বর এ লটারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি নেওয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
আসন্ন শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির কার্যক্রম পরিচালিত হবে বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর।
ভর্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন কোটা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
