মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ আয়োজনে সহযোগিতায় ছিল সিলেটের মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-ডি এর সামনে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ রক্তদান কর্মসূচি চলে। এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীন।
এসময় অধ্যাপক আমিনা পারভীন বলেন, স্বাধীনতা দিবসে এমন মহৎ কর্মসূচি আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। একাত্তরে স্বাধীনতার জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচাতে এধরনের উদ্যোগ প্রশংসনীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবির লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল ইসলাম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারাজানা সিদ্দিকা, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামিমা তাসনিম প্রমুখ।