হাবিপ্রবিতে হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন ‘টিম থ্রিআর বীনস’

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে চ্যাম্পিয়ন হয়েছে 'টিম থ্রিআর বীনস'।

প্রতিযোগিতাটি মূলত দুইটি রাউন্ডে বিভক্ত ছিল। প্রথম রাউন্ডে বাছাই পর্ব এবং দ্বিতীয় রাউন্ড গ্র্যান্ড ফাইনাল।

বৃহস্পতিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অনলাইনে বিচারকদের উপস্থিতিতে ৮টি দল তাদের আইডিয়া উপস্থাপন করে। বিচারকরা তাদের মধ্যে থেকে সেরা দলকে নির্বাচন করেন। শনিবার (২৬ মার্চ) চ্যাম্পিয়ন, রানারআপ এবং দ্বিতীয় রানারআপ দলের নাম ঘোষণা করা হয় । এতে 'টিম স্ট্রাইভ স্কোয়াড' এবং 'টিম রিকোলোজি' প্রথম এবং দ্বিতীয় রানারআপ হিসেবে নির্বাচিত হয়েছে। 

অন ক্যাম্পাস ইভেন্টটিতে ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন নাহার বিথি, বিসতা সল্যুশনস লিমিটেডের হেড শেখ ফরিদ মিলন, পাইওনিয়ারের সিইও  মো. আব্দুল্লাহ আল নাসিম এবং আনিল পারাজুলি। 

ইত্তেফাককে চ্যাম্পিয়ন টিম 'টিম থ্রিআর বীনস' এর টিম লিডার সুমাইয়া কাকন বলেন, 'এমন আয়োজনে চ্যাম্পিয়ন হতে পেরে আমি ও আমার টিম বেশ আনন্দিত।'

হাল্ট প্রাইজ হাবিপ্রবির ক্যাম্পাস ডিরেক্টর রিফাত হোসেন প্রিমন বলেন, 'ইভেন্টটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বৈশ্বক আয়োজনের এই হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের নেতৃত্ব, ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছে বলে মনে করি।'

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হাল্ট প্রাইজ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া সৃষ্টিকারী বার্ষিক প্রতিযোগিতা। বাংলাদেশসহ পৃথিবীর ১২১ টি দেশের প্রায় ৩০০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রেক্ষাপট ভেদে সমস্যার সমাধানকল্পে সেরা আইডিয়া প্রদানকারী দলকে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন কর্তৃক এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কারে ভূষিত করা হয়।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের এবারের আসরে মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।