বরিশাল কোতয়ালী মডেল থানার এএসআই সেলিম তার সঙ্গে থাকা পিস্তলের গুলির শব্দে অজ্ঞান হয়ে পড়েন। অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে থানার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোতয়ালী থানার বিশ্বস্ত সূত্র জানায়, এএসআই সেলিম ডিউটি শেষে থানায় ফেরার পর দ্বিতীয় তলায় গুলি ছোড়ার বিকট শব্দ হয়। এসময় অন্য পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি করে পুলিশ সদস্যরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেন, ‘ওই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিল। ডায়াবেটিস শূন্য হয়ে গিয়েছিল। অসুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পিস্তলটি পড়ে গিয়ে মিসফায়ার হয়। এতে সে আরও অসুস্থ হয়ে পরে। তবে কারও শরীরে কোন গুলি লাগেনি। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের (পুরুষ) রেজিস্ট্রার নাজমুল আহসান জানান, উচ্চ রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপুরি অচেতন নয় তিনি। পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।