শিবচরে অধিক উত্পাদন ও লাভজনক হওয়ায় দিন দিন ভাসমান মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছে স্থানীয় মাছ চাষিরা। জানা গেছে, উপজেলার মৃত্যুপ্রায় নদ-নদীগুলোর ওপর একাধিক ভাসমান মাছের প্রকল্প রয়েছে। আড়িয়াল খাঁ, বিলপদ্মা এবং পদ্মা নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে ছোট বড় একাধিক ভাসমান মাছ চাষের প্রকল্প। সন্ধ্যার পরে এসব প্রকল্পে সোলার প্যানেলের মাধ্যমে লাইটিং-এর বিশেষ ব্যবস্থা রয়েছে। এসব ভাসমান মাছের খাঁচায় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা সম্ভব হলেও চাষিরা অধিক লাভজনক হওয়ায় তেলাপিয়া মাছটাই বেশি চাষ করেন। একটি মাছের খাঁচায় ৮/৯ শ’ পোনা ছাড়তে পারে। মাছ চাষি মাসুদ হাওলাদার বলেন, আমার নব্বইটি মাছ চাষের খাঁচা আছে। এতে বছরে প্রায় সাড়ে চার টন মাছ উত্পাদন করা সম্ভব। যাতে করে স্বল্প মূল্যে সাধারণ মানুষ তাদের মাছের চাহিদাটা পূরণ করতে সক্ষম হয়। তবে ভাসমান মাছ চাষে যদিও লাভজনক ঝুঁকি অনেক বেশি। কারণ নদীতে পাট পচালে পানি নষ্ট হয়ে মাছ মরে যাওয়ার ঝুঁকি থাকে।