ইবিতে তিন দিনব্যাপী বইমেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভাল শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এ বইমেলার উদ্বোধন করেন। 

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, বই পড়ার মাধ্যমে আমাদের বিবেকের দুয়ার খুলে যায়।

অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) তিন দিনব্যাপী এ বইমেলা ও ক্লাব ফেস্টিভালের আয়োজন করেছে। এতে ২৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বইমেলা চলবে। এছাড়া মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৪টা থেকে বাংলা মঞ্চে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। 

এ বিষয়ে ঐক্যমঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদ বলেন, মুজিববর্ষ আমরা যথাযথ মর্যাদায় পালন করেছি। এই বিষয়টি যেন পালনেই সীমাবদ্ধ না থাকে, শিক্ষার্থীদের মাঝে যেন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পরে এ উপলক্ষে বই মেলা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মাঝে আমাদের যে ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে প্রগতিশীলতার চর্চা হচ্ছে এই প্রগতিশীলতার জায়গা থেকে সব সংগঠন গুলো একজোট হয়ে বিশ্ববিদ্যালয়কে ভালো কিছু দিতে চাই। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে।