কুষ্টিয়ার দৌলতপুর আসনের তৎকালীন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলা মামলার রায়ে দুই আসামির যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালত আসামিদ্বয়ের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জাহিদুল ইসলাম জাহিদ ও জামিরুল ইসলাম ওরফে মরু।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩ নভেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদ তার নিজ বাড়িতে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে অতর্কিতে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বোমা বহনকারী দুইজন এবং সাক্ষাতপ্রার্থী এক স্কুল শিক্ষকসহ তিনজন নিহত হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্যের ছেলে এজাজ আহমেদ মামুন বাদি হয়ে দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১১ সালের ১৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ঠাণ্ডা মাথায় পূর্ব পরিকল্পনা মতে রাজনৈতিকহীন স্বার্থ চরিতার্থের লক্ষে অতর্কিতে বোমা হামলা করে নিরীহ মানুষকে হত্যার দায়ে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদালত।