জাবিতে বিসিএস আড্ডা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) উদ্যোগে জাবি ক্যাম্পাসে 'বিসিএস আড্ডা' অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় বিসিএসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবির সাবেক উপাচার্য ও পিএসসি'র সাবেক সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির।

শরীফ এনামুল কবির বলেন, বিসিএস-এর প্রস্তুতি একজন শিক্ষার্থীর স্কুলজীবন থেকেই শুরু হয়। কারণ পুরো শিক্ষাজীবনের প্রভাব থাকে পরবর্তী ধাপগুলোতে। স্নাতক সম্পন্ন করা একটি ধাপ মাত্র। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। এখানে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি, আচার-আচরণ, ফরমালিটি, ভাইবার দক্ষতা গড়ে উঠে। তবে স্নাতকের প্রথম থেকেই যে বিসিএসের পড়াশোনা শুরু করা উচিত তা কিন্তু নয়। কেউ চাইলে মাস্টার্স শেষ করেও বিসিএসে মনোযোগ দিতে পারে। সেক্ষেত্রে তাকে ধৈর্যশীল হতে হবে।

তিনি আরও বলেন, আমার বিভিন্ন ভাইবা বোর্ডের অভিজ্ঞতা রয়েছে। অনেকে লিখিত পরীক্ষায় খারাপ করেও ভাইবায় টিকে যাচ্ছে। এজন্য শিক্ষার্থীদের উচিত ভালোভাবে পড়াশোনা করা। পাশাপাশি তাদেরকে দেশপ্রেম, মানবিকতা ও সততা চর্চা করতে হবে।

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস ক্যাডার গড়ার আতুড়ঘর। এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অনেক শেখার আছে। বিসিএসের জন্য শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে হয়।

তিনি আরো বলেন, স্কুল জীবনের নবম-দশম শ্রেণি থেকে বিসিএস প্রস্তুতি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে এসে তা পরিপক্ব হয়। তবে এটার জন্য যেমন স্নাতকের প্রথম থেকে যত্নশীল হতে হবে, তেমনি একাডেমিক পড়াশোনায়ও মনযোগী হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শামীম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা প্রমুখ।

জেইউসিসি'র সভাপতি মারিয়াম জাহান সাবিলা ইত্তেফাককে বলেন, বিসিএস আড্ডার ষষ্ঠ আসর এটি। আড্ডা উপলক্ষে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য লজেন্স-এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, চাকুরির ক্ষেত্রে দক্ষজনবল গড়তে ও শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান করতে জাবি ক্যারিয়ার ক্লাব নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

জেইউসিসি'র সাধারণ সম্পাদক হাসিন মুশতারী তারিশা বলেন, ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আমরা বিভিন্ন সময়ে শিক্ষামূলক কর্মসূচি পালন করে থাকি। তারমধ্যে 'বিসিএস আড্ডা' বড় একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। যেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ।