খুলনায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর নতুন রাস্তা এলাকায় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল থেকে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতির কারণে খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। এদিকে হামলার ঘটনায় শ্রমিক নেতা আল আমিনের ভাই বাদী হয়ে নগরীর খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন।
গত সোমবার দুপুরে কাশিপুর বাংলার মোড়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিন।