সিরাজগঞ্জে এক অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম সাজা দেওয়া হয়েছে। বুধবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ তানভীর আহম্মেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র সূত্রধর (৩০) জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গোপাল চন্দ্র নিজ কারখানায় গোপনে অবৈধ দেশীয় আগ্নেয় অস্ত্রের বাট তৈরি করতেন। চরমপন্থি সর্বহারাসহ বিভিন্ন অপরাধীদের কাছে অর্থের বিনিময়ে এসব দেশীয় অস্ত্র বিক্রি করতেন গোপাল। ২০২০ সালের ২৮ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গোপালকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক নাজমুল ইসলাম। এ সময় তার কাছ থেকে কাঠের বাটসহ ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা হয়।