এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) সদস্যরা নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত খ্যাতনামা ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছে।
বুধবার (৩০মার্চ) দুপুরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় তারা উপাচার্য কার্যালয়, কেন্দ্রীয় লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরে ইরাব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সভাকক্ষে সিনিয়র অধ্যাপকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় শিক্ষকবৃন্দ নেপালের উচ্চ শিক্ষা ব্যবস্থা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার মান, ছাত্ররাজনীতি, ছাত্র ভর্তি প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ পদ্ধতি, বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রমসহ নানা বিষয় ইরাব সদস্যদের অবহিত করেন।
অন্যদিকে ইরাব সদস্যরা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নানা ইতিবাচক দিকগুলো ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সামনে তুলে ধরেন।
ইরাবের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন।
ত্রিভুবন ইউনিভার্সিটি প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর ড. রামনাথ ওঝা, ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. গোপাল পাণ্ডে, গণিত বিভাগের অধ্যাপক ড. বেদরোজ আচারী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শোভাকর।