কুমিল্লায় নানা আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কুমিল্লা কোটবাড়িস্থ বিজিবি সদর দপ্তরের শালবন মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার্স কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনডিসি, পিএসসি। বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, এনএসআই, আনসার-ভিডিপিসহ জেলার বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথিরা বলেন, বিজিবির প্রতিটি সদস্য অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জিরো টলারেন্স দেখিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।