‘বিজ্ঞানের উৎকর্ষতায় গড়বো আগামীর প্রজন্ম’ স্লোগানে গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে (জিআইএস) বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে স্কুল প্রাঙ্গনে শতাধিক শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে।
মেলার উদ্বোধন করেন স্কুলের অধ্যক্ষ আব্দুল্লাহ জামান। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে। এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা খুদে বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে পারবে, এমন আশা প্রকাশ করেন তিনি।
ছাত্রছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। যার মধ্যে প্রাণী এবং উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ এবং জ্যোতির্বিদ্যার ধারণাও তুলে ধরার চেষ্টা করেছে খুদে বিজ্ঞানীরা। তবে সবচেয়ে দৃষ্টিনন্দন ও আলোচিত প্রকল্পের মধ্যে ছিল গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের ছাত্রদের 'বর্জ্য ব্যবস্থাপনা' প্রকল্পটি। এছাড়া কেজি ওয়ান এবং কেজি টু-এর ছাত্রদের 'ওয়াকিং অন ওয়াটার' প্রকল্পটিও ছিল দর্শনার্থীদের আলোচনায়।
অন্যান্য প্রকল্পগুলো্র মধ্যে ছিল 'সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর খাবার'-এর সাথে 'দন্তের যত্ন ও স্বাস্থ্যবিধির কার্যকারিতা' এবং 'দ্য অ্যানিমাল কিংডম: ওয়াইল্ডারনেস থেকে ডোমেস্টিসিটি'।
অনুষ্ঠানে আসা অভিভাবকরা তাদের সন্তানদের এমন বিজ্ঞানমনস্ক ভাবে তৈরি করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এবং এসব ক্ষুদে বিজ্ঞানীদের আরো পৃষ্ঠপোষকতার মাধ্যমে এগিয়ে নিতে সবধরনের সহযোগিতার আশ্বাসের কথাও বলেন। ছোট বড় সব শিক্ষার্থীদের চৌকস উপস্থাপনা ও ব্যাখ্যায় এ মেলা যেন বিজ্ঞান শিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছিল, এমন মন্তব্যও করেছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থীরা। মেলার বিভিন্ন অনুষ্ঠানাদি পরিচালনা করেছেন উপাধ্যক্ষ তানিয়া আক্তার।