পর্দা নামলো ইবির বইমেলার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পর্দা নামলো তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালের। এর আগে গত ২৯ মার্চ মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ বইমেলা শুরু হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ আয়োজনের পর্দা নামে। বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) আয়োজিত বইমেলা ও ক্লাব ফেস্টিভালের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র কর্ণধার মো. মোকাদ্দেস হানিফ টলিন, সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, ঐক্যমঞ্চের আহবায়ক আখতার হোসেন আজাদ। সমাপনী অনুষ্ঠানে সেরা তিন সংগঠনকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিকেলে মুজিববর্ষের বিদায় উপলক্ষে ১০০ বেলুন উড়ানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয় থিয়েটারসহ বিভিন্ন সংগঠন গান, কবিতা, মূকাভিনয়, একক নাটিকা ইত্যাদি পরিবেশন করে।

এদিকে বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণে পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকালের দিকে লোক সমাগম কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে উপস্থিতি। বিকাল হতে হতে দর্শনার্থী ও শিক্ষার্থীদের পদচারণায় জনারণ্যে পরিণত হয় বাংলা মঞ্চ ও এর পাশ্ববর্তী এলাকা।