চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
পাঁচবিবি (জয়পুরহাট): নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সকালে প্রতীকী অনশন করেছে পাঁচবিবি থানা ও পৌর বিএনপি। পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, যুগ্ম আহ্বায়ক হান্নান চৌধুরীসহ যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
কালাই (জয়পুরহাট): সকাল ৯টার দিকে কালাই পৌরসভার কাঁচাবাজারে দলীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া অনশন চলে বিকাল ৩টা পর্যন্ত। থানা ও পৌর বিএনপি, জিয়া পরিষদ ছাড়াও ছাত্রদল, মহিলা দল এবং যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশনে বসেন।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর উপজেলার বিএনপির দু্ইটি গ্রুপ পৃথকভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। নবীনগর প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম মান্নান ও সদস্য সচিব নাজমূল হাসানের নেতৃত্বে, অপরদিকে সমবায় মার্কেট চত্বরে উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আনছুর রহমান মঞ্জু ও সাবেক মেয়র মাঈন উদ্দিন মাইনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
চিলমারী (কুড়িগ্রাম): উপজেলার পাম্প মোড় এলাকায় ঘণ্টাকালব্যাপী এই প্রতীকী অনশন পালন করা হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আবু হানিফা, সহসভাপতি মো. সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু প্রমুখ।