'তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের চেড়েও বড় দায়িত্ব পালন করতে হবে'

দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের তুলনায় অনেক বেশি গুরু দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা দিদার এ হোসেন। তিনি বলেন, আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু তরুণ প্রজন্মের কাজটা আরও কঠিন। তাদের কাঁধেই রয়েছে বাংলাদেশকে সমৃদ্ধির পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার দায়িত্ব। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত 'একাত্তরের গণহত্যা এবং আমাদের স্বাধীনতাযুদ্ধ: একজন মুক্তিযোদ্ধার সাথে তরুণ শিক্ষার্থীদের কথোপকথন' শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে আইইউবি লাইব্রেরি।

আইইউবির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য দিদার এ হোসেন তাঁর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, গেরিলা যুদ্ধ এবং যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে আইইউবি'র তরুণ শিক্ষার্থী‍দের বেশকিছু প্রশ্নের উত্তর দেন। এরপর তিনি আইইউবি লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউবি'র উপাচার্য তানভীর হাসান। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিলো বাংলার গণমানুষের যুদ্ধ। আরো নির্দিষ্ট করে বললে বলতে হয় এটি ছিলো খেটে খাওয়া মানুষের যুদ্ধ। মুক্তিযুদ্ধে যে বিজয় আমরা অর্জন করেছিলাম, তার পেছনে এটি ছিলো একটি বড় কারণ।

আইইউবি'র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, জাতি হিসেবে আমাদের যে অস্তিত্ব তার মূল ভিত্তিই হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ। সুতরাং, আমাদেরকে মুক্তিযুদ্ধের কাছে ফিরে যেতেই হবে কারণ মুক্তিযুদ্ধই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি হোসনে আরা আলী এবং এ কাইয়ুম খান, পাঁচ অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবি'র গ্রন্থাগারিক মুহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী।