মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগে আবু সাঈদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২ এপ্রিল) রাতে উপজেলার আহুতিয়া বালিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আবু সাঈদ আহুতিয়া বালিয়াপাড়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক। তিনি সম্পর্কে ওই মাদ্রাসা শিক্ষার্থীর চাচাতো দাদা হয়। 

মামলা সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের আহুতিয়া বালিয়াপাড়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে আবু সাঈদ ২ এপ্রিল শনিবার সকালে মাদরাসা যাওয়ার পথে ছাত্রীকে ফুসলিয়ে তুলে নিয়ে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। ঘটনার বিষয়ে ওই শিক্ষার্থী তার মাকে জানালে স্থানীয়দের সঙ্গে নিয়ে গত শনিবার রাতে আবু সাঈদকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওসির নির্দেশে পুলিশ ওইদিন রাতেই অভিযুক্ত আবু সাঈদকে গ্রেফতার করে। 

ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, আবু সাঈদ আমার মেয়েটিকে মাদরাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছে। এ বিষয়ে আমি স্থানীয় মুরুব্বিদের কাছে জানাই এবং বিচারপ্রার্থী হই। এতে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ আমার মেয়েকে ধর্ষণ করেছে। 

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার (৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।