বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৩ এপ্রিল) তরী ফাউন্ডেশন ও বিশেষ বিদ্যালয় স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি) যৌথভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডিসট্রেসড চিল্ড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এ আলোচনা সভার আয়োজন করে।
এছাড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন এবং রাজধানীর লালমাটিয়া এলাকার অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক র্যালি অনুষ্ঠিত হয়।
ডিসিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং র্যালি উদ্বোধন করেন।
ডা. এহসান হক বলেন, অটিস্টিক শিশু ও ব্যক্তিরা সমাজের বোঝা নয়। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, নির্দেশনা ও অনুপ্রেরণার মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কাজের পরিবেশ, সেইসঙ্গে তাদের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করতে হবে।
পারিবারিক ও সামাজিকভাবে সমর্থন ও সহায়তা প্রদানেও ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অটিস্টিক শিশু ও ব্যক্তিদের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আলোচনা সভায় তরী ফাউন্ডেশন ও এসজিসি-এর পরিচালক মারুফা হোসেন বক্তব্য রাখেন। সংস্থাটির নির্বাহী পরিচালক আশফাক-উল-কবীর এতে সভাপতিত্ব করেন।
এছাড়া অনুষ্ঠানে এসজিসি-এর ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।