পাঠান পরবর্তী প্রজেক্টের ইঙ্গিত দিলেন শাহরুখ?

সদ্যই স্পেনে ‘পাঠান’-এর শুটিং সেরে দেশে ফিরেছেন শাহরুখ খান। যশ রাজ ফিল্মসের এই ছবির সঙ্গেই প্রায় চার বছর পর রুপোলি পর্দায় ফিরবেন কিং খান। দীর্ঘ সময় ধরে ‘পাঠান’-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছে শাহরুখ ভক্তরা। তবে মুখে কুলুপ এঁটেছিলেন বলিউড বাদশা। মাস কয়েক আগেই শুভ কাজটা সেরে ফেলেছেন শাহরুখ।

দীর্ঘ সময় ধরেই শোনা যাচ্ছে ‘পাঠান’-এর পর শাহরুখকে দেখা যাবে দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির নতুন প্রোজেক্টে। ট্রেন্ড মেনেই এই প্রোজেক্ট নিয়েও স্পিকটি নট শাহরুখ। তবে মঙ্গলবার সুপারস্টার বিজয়ের ‘বিস্ট’ ছবির ট্রেলারের প্রশংসা করতে গিয়ে অ্যাটলির সঙ্গে আসন্ন প্রোজেক্টের জন্য অ্যাসোশিয়েশনের জল্পনায় কার্যত শিলমোহর দিয়ে দিলেন শাহরুখ।

টুইটারে শাহরুখ বিজয় ও পূজা হেগড়ের ছবির ট্রেলার শেয়ার করে লেখেন, ‘অ্যাটলির সঙ্গে বসে রয়েছি। ও বিজয়ের বিরাট ফ্যান, ঠিক যেমন আমি। বিস্টের জন্য অনেক শুভেচ্ছা পুরো টিমকে। ট্রেলার দেখে ফাটাফাটি লাগছে, জমজমাট পুরো’।

ভারতীয় একাধিক সাংবাদ মাধ্যম বলছে, অ্যাটলির ছবিতে নয়নতারা ও সানিয়া মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। এছাড়া তেলুগু সুপারস্টার রানা দগ্গুবতি এই ছবিতে খলনায়কের চরিত্রে থাকবেন। 

সূত্রের খবর, এই ছবির ওয়ার্কিং টাইটেল ‘লায়ন’, ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে কিং খানকে। বাবা ও ছেলের উভয় চরিত্রেই থাকছেন তিনি। তবে এই প্রোজেক্ট নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। সূত্র: হিন্দুস্থান টাইমস।