কামারখন্দে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে হাতুড়িপেটা

কামারখন্দে চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে রিফাত (১৫) নামের এক ছাত্রকে হাতুড়িপেটা করেছে বহিরাগত কয়েক তরুণ। 

বুধবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। রিফাত চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ও চৌবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আহত রিফাত জানায়, গণিত ক্লাসের পর রসায়ন ক্লাস শুরুর আগে ক্লাসে ঢুকে চৌবাড়ী গ্রামের হাবিবের নির্দেশে কয়েক জন হাতুড়ি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে অতর্কিত আঘাত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছি। আমার ওপর হামলার ঘটনায় বিচার দাবি করছি। 

হাবিব মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলে, শিক্ষার্থীর ওপর হামলা করার ব্যাপারে আমি কিছু জানি না। আমি ঘটনার সময় টাঙ্গাইলে ছিলাম। 

এ ব্যাপারে চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস জানান, কয়েক জন তরুণ শ্রেণিকক্ষে ঢুকে দশম শ্রেণির ছাত্র রিফাতের ওপর অতর্কিতভাবে হামলা করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় তাকে বিষয়টি অবগত করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেরিনা সুলতানা জানান, ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার বিষয়টি শুনেছি। ঐ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।