নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ ও বিএনপির দুজন স্বতন্ত্রসহ মোট ১০ জন প্রার্থী হয়েছেন। গত বুধবার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদারের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আর আওয়ামী লীগ ও বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থীসহ বাকী তিনজন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের বিষয়টি গতকাল ইত্তেফাককে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার।
তারা হলেন— আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আলহাজ মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, বিএনপির ধানের র্শীষ প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কাজী মোহাম্মদ মফিজুর রহমান, আরেক বিএনপির প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নুল আবদিন ফারুক, এ দলের স্বতন্ত্র প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সেনবাগ উপজেলা সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খলিলুর রহমান, মুসলিম লীগের মনোনীত প্রার্থী হাসিবুল হাসান শান্ত, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) এর কাঁঠাল প্রতীকের প্রার্থী মমিন উল্লা, মোঃ নজরুল ইসলাম।
আওয়ামী লীগ ও বিএনপির মূল প্রার্থীর বাহিরে গিয়ে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে দলগুলোর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকালে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।