পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে রাজধানীতে দুই দিনব্যাপী শুরু হয়েছে ‘ঈদ ও বর্ষবরণ’ প্রদর্শনী। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে হার ই-ট্রেড এর আয়োজনে এই প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনী উদ্বোধন করেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীর। এ সময় উপস্থিত ছিলেন, হার ই-ট্রেডের প্রেসিডেন্ট ওয়ারেছা খানম ও সাংবাদিক ইশতিয়াক রেজাসহ অন্যান্যরা।
প্রদর্শনীটি আজ শুক্রবার ও কাল শনিবার চলবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী।
‘রোগ, শোক ও সমস্ত ক্লান্তি শেষে এবার উৎসবমুখর হোক পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের প্রদর্শনী।
দেশের ৬৪টি জীবনযাপনভিত্তিক প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। পোশাক, গয়না, খাবার ও ঘর সাজানোর নানা উপকরণ রয়েছে বিভিন্ন স্টলে।
এছাড়া ফেসবুকভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এই প্রদর্শনীতে। চামড়ার ও পাট দিয়ে তৈরি পণ্যসহ নানা কিছু রয়েছে বিভিন্ন স্টলে।
নারী উদ্যোক্তাদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই প্রদর্শনীর। অনলাইনে যেসব নারী নিজের মেধা দিয়ে নানা রকম সৃজনশীল কাজ করছেন, তারাও এতে অংশ নিয়েছেন।