তেঁতুলিয়ার আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে বিজিবির বক্তব্য

‘তেঁতুলিয়ায় বিজিবির আপত্তিতে আশ্রয়ণ প্রকল্পের কাজ স্থগিত’ শীর্ষক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বক্তব্য দিয়েছে বিজিবি। 

শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যে স্থানে আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে সে স্থান সংলগ্ন বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন বিভিন্ন দাগে বেশকিছু জমি রয়েছে। এছাড়া প্রকল্পের স্থানটি সীমান্তের নিকটবর্তী হওয়ায় ভবিষ্যৎ সীমান্ত ব্যবস্থাপনায় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সে বিষয়ে প্রয়োজনীয় বিশ্লেষণপূর্বক পূর্ব সমন্বয়ের প্রয়োজন ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি’র সঙ্গে কোনো সমন্বয় ছাড়া প্রকল্পের কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট বিজিবি ব্যাটালিয়ন বিষয়গুলো সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে একদিন সময় চেয়ে নেয়। এখানে কাজে বাধা দেওয়া কিংবা স্থগিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সার্বিক বিষয় বিশ্লেষণ করে ওইদিন রাতেই বিজিবি’র পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে পূর্ণ সহযোগিতার বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়। পরদিন থেকেই আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দেশের ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকারের অসাধারণ উদ্যোগ-আশ্রয়ণ প্রকল্পের কাজে বিজিবি’র পক্ষ থেকে সবসময়ই স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।