বাংলাদেশি বোলারদের শাসন করে নিজেদের প্রথম ইনিংসে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। এরই মধ্যে তাদের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান। এরপরই বৃষ্টি হানা দিয়েছে। ম্যাচ সাময়িক বন্ধও ছিল। এখন আবার খেলা শুরু হয়েছে।
তার আগে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। প্রথম সেশনের ২৮ ওভারেই স্কোরবোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ১০৭ রান। এরপর লাঞ্চ থেকে ফিরে একই গতিতে রান তুলতে থাকে তারা। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছিলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।
তিনি ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন। দলটির স্কোর যখন ১৩৩ রান, তখনই আঘাত হানেন তাইজুল ইসলাম। তার স্পিন ভেলকিতে কট বিহাইন্ড হয়েছেন এলগার। আউট হওয়ার আগে করেছেন ৮৯ বলে ৭০ রান। এরপর ক্রিজে আসেন টেম্বা বাভুমা। কিগান পিটারসেনের সঙ্গে তিনি জুটি গড়ে তোলার চেষ্টা করছেন। পিটারসেন ৫২ ও বাভুমা ৯ রানে অপরাজিত।
এর আগে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন খালেদ আহমেদ। স্বাগতিকদের রান যখন ৫২, তখন আঘাতটি হানেন খালেদ। প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে কট বিহাইন্ডের শিকারে পরিণত করেন এই পেসার। অফ স্টাস্পের বেশ বাইরের বলটি দূর থেকে ড্রাইভ করেন এরইউ। সেটি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের গ্লাভসে।
আউট হওয়ার আগে ২৪ রান করে এরউই। অবশ্য ম্যাচের তৃতীয় ওভারেই তার উইকেটটি পেতে পারতো বাংলাদেশ। খালেদের বলে এলবিডব্লিউ হন তিনি। কিন্তু অধিনায়ক মুমিনুল রিভিউয়ের সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলায় বেঁচে যান তিনি। তখন মাত্র ৪ রানে ব্যাট করছিলেন এরউই।