ভারতীয় ক্রিকেটে সবচেয়ে মজাদার চরিত্রের নাম যুযবেন্দ্র চাহাল। মাঠ এবং মাঠের বাইরে উভয় জায়গায় সারাক্ষণই সতীর্থদের সঙ্গে রসিকতায় মেতে উঠেন তিনি। মাঝেমাধ্যে আবার অনেকের বিরক্তির কারণও হন এই স্পিনার। তার রসিকতা চরম পর্যায়ে গেলে এমন হয়। আর সেটি করতে গিয়েই একবার এক ভয়জাগানো অভিজ্ঞতার সম্মখীন হন চাহাল!
ঘটনাটি ২০১৩ সালের। তখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতেন চাহাল। ফ্রাঞ্জাইজিটির এক বিদেশি খেলোয়াড় মাতাল অবস্থায় তাকে ১৫ তলা থেকে ফেলে দিতে চেয়েছিলেন! সম্প্রতি সেই ঘটনার বর্ণনা দিয়েছেন এই ক্রিকেটার। টুইটারে রাজস্থান রয়্যালস একটা ভিডিও পোস্ট করেছে। এবার রাজস্থানের হয়ে আইপিএল খেলছেন চাহাল। সতীর্থ করুণ নায়ার ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপচারিতায় সেই প্রসঙ্গ উঠে আসে।
চাহাল বলেন, ‘আমার এই গল্প কিছু লোক জানে। আমি এই বিষয়ে কখনো কথা বলিনি, কারো সঙ্গে শেয়ারও করিনি। ২০১৩ সালে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলাম। বেঙ্গালুরুতে আমাদের একটি ম্যাচ ছিল। সেখানে একটি গেট টুগেদার হয়। একজন খেলোয়াড় খুব মাতাল ছিল, আমি তার নাম বলবো না। সে খুব মাতাল ছিল; তিনি আমার দিকে তাকিয়ে ছিলেন এবং আমাকে ডাকলেন। সে আমাকে বাইরে নিয়ে যায় এবং বারান্দা থেকে ঝুলিয়ে দেয়।’
একটু হলেই হাত ফসকে পড়ে যেতেন চাহাল। তিনি বলেন, ‘আমি হাত দিয়ে তাকে কোনোভাবে ধরে রেখেছিলাম। হাতের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, এ ঘটনা ১৫ তলায় ঘটে। হঠাৎ সেখানে অনেক লোক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি একরকম অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারা আমাকে পানি দিয়েছে। তখনই আমি বুঝলাম, কোথাও গেলে আরও দায়িত্বশীল হতে হবে। একটু ভুল হলেই সেদিন নিচে পড়ে যেতাম।’