দেশের অন্যতম দশটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। বছরের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ। করোনা মহামারীর প্রকোপ কমে যাওয়ায় প্রায় দুই বছর পর ঈদ মৌসুম বেশ উৎসবমুখর এখন। এ সময়কে উপলক্ষ্য করে দেশীদশ তাদের ঈদ পোশাকের সম্ভার নিয়ে গেলো ৭ এপ্রিল ঢাকা ক্লাবে আয়োজন করেছিল ঈদ ফ্যাশন শো ।
ফ্যাশন শোতে দেশীদশের সদস্য প্রতিষ্ঠান নিপুন, কে ক্রাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি তাদের ঈদ আয়োজন ১০টি ফ্যাশন কিউতে নান্দনিকভাবে উপস্থাপন করেন। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে দেশের শীর্ষস্থানীয় র্যাম্প মডেলরা দেশীদশের ঈদ সংগ্রহ তুলে ধরেন।
মনোজ্ঞ এই ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন দেশীদশের দশটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও। দেশীদশের উদ্যোক্তারা ফ্যাশনপ্রেমীদের চাহিদা মেটাতে দেশীয় ফ্যাশন শিল্পের উন্নয়ন ও ঐতিহ্য সমুন্নত রাখার মানসে একসঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।