চলমান পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আজ (১০ এপ্রিল) তৃতীয় দিন বাংলাদেশকে তারা মাত্র ২১৭ রানে অলআউট করে দেয়। এতে স্বাগতিকরা লিড পেয়েছে ২৩৬ রানের। এরপর আবারও ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়ারা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। লিড দাঁড়িয়েছে ৩৪৬ রানের। টেম্বা বাভুমা ১৩ ও রায়ান রিকেলটন ১১ রানে অপরাজিত।
তাদের স্কোর যখন ৬০, তখন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ১২তম ওভারের তৃতীয় বলে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে সরাসরি বোল্ড করেন তিনি। এলগার ২৬ রান করেন। স্কোরবোর্ডে আরও ২৪ রান যোগ হতেই আবারও তাইজুলের আঘাত। এবার তার শিকার কিগান পিটারসেন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই স্পিনার। পিটারসেন করেন ১৪ রান।
স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতেই এবার উইকেটশিকারির ভূমিকায় খালেদ আহমেদ। ওপেনার সারেল এরইউকে মুমিনুল হকের হাতে ক্যাচে পরিণত করেন তিনি। এরউই ৪১ রান করেন। অবশ্য তিনি রানের খাতা খোলার আগেই আউট হতে পারতেন। প্রথম ওভারে এবাদতের বলে পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু সেখানে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজ সেটি ধরতে পারেননি। মনোযোগ না থাকায় বলটি সরাসরি তার বুকে গিয়ে আঘাত করে। এতে আহত হয়ে স্টেচারে করে মাঠ ছাড়েন মিরাজ।