করোনা আসার পর থেকেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার রাখার নিয়ম বাতিল করেছিল আইসিসি। এরপর থেকে স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনা করিয়ে আসছে স্বাগতিক দেশগুলো। অবশেষে আবারও নিরপেক্ষ আম্পায়ার ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
২০২২-২৩ মৌসুমে টেস্ট ক্রিকেটে মাঠে একজন নিরপেক্ষ আম্পায়ার রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাশাপাশি ম্যাচ রেফারি ও টিভি আম্পায়ারও নিরপেক্ষ থাকবে। চতুর্থ আম্পায়ার ও একজন অনফিল্ড আম্পায়ার স্থানীয় থাকবে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টির সব ম্যাচ স্থানীয় আম্পায়াররা পরিচালনা করবে।
আজ রবিবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ডারবান টেস্ট চলাকালে প্রথমে নিরপেক্ষ আম্পায়ারের দাবি তোলেন সাকিব আল হাসান। পরে তার সঙ্গে সুর মিলিয়ে একই দাবি তোলেন অধিনায়ক মুমিনুল হক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদও।