যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্তি ও মিত্রবাহিনীর সাঁড়াশি আক্রমণে বাংলাদেশের প্রথম অঞ্চল হিসেবে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। পরে মুক্তিযোদ্ধারা পঞ্চগড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা কমান্ড শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য প্রদান, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বধ্যভূমির বেদিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম আজম, মুক্তিযোদ্ধা এম এ প্রধান প্রমুখ। জেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।