শরীয়তপুরে শিশু হত্যার ঘটনায় ২ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে শিশু মো. শাকিল মাদবর নামের এক শিক্ষার্থীকে হত্যা মামলায় দুইজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া এই মামলায় আরও ৪ আসামিকে খালাস প্রদান করে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাকিব ওরফে বাবু ও ইমরান মোড়ল।  

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। মো. শাকিল মাদবর জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়ল কান্দির এলাকার সালাম মাদবরের বড় ছেলে। সে অ্যাম্বিশন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিলন রহমান মুরাদ বলেন, আমরা মামলাটি নিয়ে উচ্চ আদালতে যাবো। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, আমরা এই মামলায় আংশিকভাবে সন্তুষ্ট। আমি বাদীপক্ষের সঙ্গে কথা বলে উচ্চ আদালতে আপিল করবো। এই মামলায় সকল আসামির সম্পৃক্ততা আছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। তাই আমরা উচ্চ আদালতে যাবো।