কুষ্টিয়ায় হত্যা মামলায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় যুবক খাইরুলকে হত্যার দায়ে একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের নাগর মিস্ত্রীর ছেলে আব্দুল মান্নান, তার স্ত্রী মেরিনা খাতুন ও আব্দুল মান্নানের মা মর্জিনা খাতুন। এ ছাড়া এ মামলার অপর আসামি হযরত আলীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

২০১৩ সালের ২৪ আগস্ট দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের যুবক খায়রুলের ভাই শাহিন পাট বোঝাই ট্রলি চালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিশু ট্রলির পেছনের ঢালা ধরে ঝুলছিল। এ সময় ট্রলির চালক শাহিন বকাবকি করায় ওই শিশুদের অভিভাবকের সাথে কথা কাটিকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ খবর পেয়ে ট্রলি চালকের ভাই খায়রুল ঘটনাস্থলে হাজির হলে আসামিরা তার উপর চড়াও হয় এবং লাঠিসোটা নিয়ে হামলা করে।

লাঠির আঘাতে খাইরুল গুরতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত খায়রুল ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত তালিম উদ্দিন মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন।