জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের এ তারকা যুগল গত ১৪ এপ্রিল দুপুরে ভারতের মুম্বাইয়ে রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে গাঁটছড়া বাঁধেন। এই নবদম্পতির বিয়েকে ঘিরে নানান খবর এখনো শোনা যাচ্ছে। বিয়েতে কে কী উপহার পেলেন সেই বিষয়টিও উঠে এসেছে ।
জানা গেছে, বিয়ের দিন রণবীর আর আলিয়ার বাগদান পর্ব হয়েছিল। বাগদান অনুষ্ঠানে আলিয়াকে দেওয়া হয়েছে অত্যন্ত দামি এক হীরের আংটি। এদিকে আলিয়ার মা সোনি রাজদান জামাই রণবীরকে এক অত্যন্ত নামকরা ব্র্যান্ডের ঘড়ি উপহার দিয়েছেন। এই বিশেষ ব্র্যান্ডের ঘড়ির দাম আড়াই কোটি রুপি। রীতি অনুযায়ী বিয়েতে নিমন্ত্রিত সবার হাতে উপহার তুলে দেওয়া হয়। আলিয়ার পছন্দ অনুযায়ী নিমন্ত্রিতদের উপহার দেওয়া হয়েছে।
বিয়ের পর কেক কেটে, শ্যাম্পেন পান করে আর নেচে–গেয়ে বিশেষ দিনটি উদ্যাপন করেছেন তারা। আলিয়া আর রণবীরের বিয়ের একগুচ্ছ ছবি নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে। সবাই এই জুটিকে উজাড় করে ভালোবাসা দিচ্ছেন। এক ছবিতে দেখা গেছে, রণবীরের বুকে পরম শান্তিতে মাথা রেখেছেন আলিয়ার বাবা মহেশ ভাট। এদিকে শাশুড়ি নিতু কাপুর বউমা আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ।
বলিউড এই জুটি পঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন ও আয়ান মুখোপাধ্যায়সহ অনেকেই।
‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহারা। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ।