‘ব্যতিক্রম কিছু করার যোগ্যতা আমার আছে’

চলতি বছর অভিনেত্রী সামান্থার প্রায় হাফ ডজন সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। সেই তালিকায় রয়েছে দক্ষিণী সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি বলিউড সিনেমাও। এর বাইরেও একাধিক বিগ বাজেটের সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

নতুন চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে এরইমধ্যে কঠোর পরিশ্রম শুরু করেছেন তিনি। সম্প্রতি জিমের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সামান্থা। ক্যাপশনে লিখেছেন, ‘শক্তিশালী শরীর, শক্তিশালী মন। ২০২২-২৩ আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হতে চলেছে। এটা তারই প্রস্তুতি।’

samanta

জানা গেছে, সামান্থা ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণে বরুণ ধাওয়ানের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। রাজ ও ডিকে পরিচালিত এই সিরিজটিতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সামান্থা বলেন, ‘ওটিটি প্লাটফর্মের বৈচিত্র্যময় কাজের ক্ষেত্র তৈরি হয়েছে এবং মাধ্যমটির প্রচুর দর্শক রয়েছে। পাশাপাশি সত্যিকারের অভিনেতাদের চরিত্র নিয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি, ব্যতিক্রম কিছু করার যোগ্যতা আমার আছে। অবশেষে নিজেকে প্রমাণ করার সুযোগটা পেয়েছি। ক্যারিয়ারের দারুণ কিছু কাজ যুক্ত করতে যাচ্ছি।’