পাবনার বেড়া উপজেলার দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা। কিন্তু এবার পেঁয়াজ আবাদ করে লাভ তো দূরের কথা উৎপাদন খরচই তুলতে পারছেন না চাষিরা। এরই মধ্যে পেঁয়াজ আবাদের শুরুতে বৃষ্টি হওয়ায় ও পেঁয়াজবীজে ত্রুটি থাকায় অনেক কৃষকের পেঁয়াজগাছে ফুল ধরেছে। এতে ফলনও কম হয়েছে। মুড়িকাটা বা আগাম জাতের পেঁয়াজে ফুল আসা (পেঁয়াজকলি) স্বাভাবিক হলেও হালি বা মূল আবাদের পেঁয়াজে ফুল ধরা ক্ষতিকর। এই ধরনের পেঁয়াজ সংরক্ষণ করা যায় না বলে দাম কম হয়।
বেড়া কৃষি কার্যালয় সূত্রে জনা গেছে, উপজেলা এবার পাঁচ হাজার ২০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর বেশি। বেড়া পৌর এলাকার চতুরহাট ঘুরে দেখা গেছে, প্রতি মণ পেঁয়াজ ৬০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজচাষি সাইদুল ইসলাম বলেন, ‘পেঁয়াজে ফুল আসায় এই পেঁয়াজ ঘরেও বেশিদিন রাখা যাবি না। তাই হাটে দাম যাই হোক সেই দামেই পেঁয়াজ বেইচ্যা দেব।’
এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবীর বলেন, ‘মূলত চারটি কারণে পেঁয়াজে ফুল এসেছে। তা হলো- পেঁয়াজ আবাদের শুরুতে বৃষ্টি হওয়ায়, বেশি বয়সী চারা লাগানোয়, ত্রুটিযুক্ত পেঁয়াজবীজের কারণে ও অতিরিক্ত সার দেওয়ায়।