মুস্তাফিজের ওই এক ওভারেই ম্যাচ হেরে যায় দিল্লি!

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারই প্রথম আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। তবে শুরুতে সংশয় ছিল তিনি মূল একাদশে সুযোগ পাবেন কি না। সেই সংশয় দূর করে প্রথম ম্যাচেই (দিল্লির দ্বিতীয় ম্যাচ) মাঠে নামেন তিনি এবং মাত্র ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। ম্যাচটি না জিতলেও ওইদিন দিল্লির সেরা পারফরমার ছিলেন বাংলাদেশি এই পেসার।

পরের দুটি ম্যাচে উইকেট না পেলেও বল হাতে কিপ্টে ছিলেন মুস্তাফিজ। দলের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন তিনি। তাই বাহবাও পেয়েছেন। কিন্তু নিজের চতুর্থ ম্যাচে এসেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন ফিজ। ৪ ওভার বল করে রান দিয়েছেন ৪৮। এর মধ্যে নিজের শেষ ওভারেই রান দেন ২৮! এর সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্কোর দাঁড়ায় ১৮৯ রান। পরে জবাব দিতে নেমে ১৭৩ রানে থেমে যায় দিল্লির ইনিংস। ১৬ রানে পরাজিত হয় ভারতের রাজধানীর দলটি।

অথচ ১৭ ওভার শেষে ব্যাঙ্গালুরুর রান ছিল ১৪২ রান। ১৮তম ওভারটি করতে এসে মুস্তাফিজ রান দেন ২৮! তার ওপর দিয়ে টর্নেডো বয়ে দিয়েছেন দীনেশ কার্তিক। তাইতো গতকাল ম্যাচশেষে দিল্লির অধিনায়ক রিশাভ পান্টের কন্ঠেও ঝড়লো ফিজের ওই এক ওভারের আক্ষেপ। পান্ট বলেন, ‘মুস্তাফিজের ওই এক ওভারই ম্যাচ বদলে দিয়েছে। আরেকটু পরিকল্পনা অনুযায়ী বল করা উচিত ছিল। কিন্তু দীনেশ কার্তিক আমাদের চাপে ফেলে দিয়েছে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

এদিন, দিল্লির সবচেয়ে খরুচে বোলারও ছিলেন কাটার মাস্টার খ্যাত এই পেসার। এর পরই আছেন কুলদীপ যাদব। ভারতীয় এই স্পিনার ৪ ওভার বল করে রান খরচ করেছেন ৪৬। তবে তিনি একটি উইকেট শিকার করেন। বাংলাদেশি সমর্থকরাও আক্ষেপ করছেন, যদি ওই ওভারে এত রান না দিতেন মুস্তাফিজ! তাহলে হয়তো ম্যাচটির ফল দিল্লির পক্ষেই থাকতো।