বাগেরহাটের ফকিরহাটে তালাবদ্ধ ঘর থেকে গামছা দিয়ে মুখ বাধা অবস্থায় ফরিদা বেগম ওরফে জাহানারা (৬০) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফরিদাকে হত্যার পর তার ঘরের মালামাল লুট করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) সকাল দশটার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের ওই নারীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফরিদা বেগম ওরফে জাহানারা ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত সরদার রবিউল ইসলামের স্ত্রী। তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন বলে প্রতিবেশীরা জানান।
বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দীন আহমেদ জানান, কয়েক বছর আগে ফরিদা বেগম ওরফে জাহানারার স্বামী মারা যান। এরপর থেকে তিনি একা এই বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশীদের গরু ছাগল লালন পালন তার সংসার চলতো। তার কাছে ছাগল লালন পালন করতে দেয়া এক মালিক শওকত গত দুইদিন ধরে ফরিদার কোন খোঁজ না পেয়ে তার বাড়িতে যান। ঘর তালা লাগানো দেখতে পেয়ে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে যেয়ে ঘরের তালা খুলে খাটের উপর থেকে মুখ বাঁধা অবস্থায় ফরিদার মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, এসময় ফরিদার ঘরের আলমারি তালা ভাঙ্গা ছিল এবং ঘরের অন্যান্য মালামাল ছিল ছড়ানো ছিটানো। ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। অন্তত দুইদিন আগে এই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইমসিন টিমকে আসতে বলা হয়েছে। এই পরিচিতরা কারা, তারা কেন কি উদ্দেশ্যে এই নারীকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।