প্রয়োজনের সময় ফাফ ডু প্লেসিসের উইকেট তুলে নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এরপর ডেভিড মিলার ও ভেন ডার দুসেন ঠাণ্ডা মাথায় এগিয়ে যাচ্ছিলেন। আর সেখানেই বাঁধ সাধেন মুস্তাফিজ। মিলারকে নিজের প্রথম শিকারে পরিণত করেন তিনি। আউট হওয়ার আগে মিলার করেন ৩৮ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারের খেলা শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ২৩৯ রান।
জয়ের জন্য ৩৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। কিছুটা সতর্ক সূচনার চেষ্টা করছে দলটি। রান আউটের ফাঁদে পড়ে দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। এ সময় ২৩ রান করে ফিরে যান কুইন্টন ডি কক। অপর ওপেনার এইডেন মার্করামকে বোল্ড করে দ্বিতীয় উইকেটের পতন ঘটান সাকিব। দলীয় ১০২ রানে আউট হওয়ার আগে তিনি করেন ৪৫ রান।
এরপর অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। আর সবশেষ মিলারকে সাজঘরের পথ ধরান মুস্তাফিজ।
এর আগে রবিবার বিকেলে ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জোড়া হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩০ রান করে মাশরাফি বাহিনী। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। মুশফিক ৮০ বল থেকে ৭৮ এবং সাকিব ৮৪ বলে করেন ৭৫ রান। এছাড়া তৃতীয় উইকেটে সাকিব-মুশফিক বিশ্বকাপে বাংলাদেশর সর্বোচ্চ ১৪২ রান করেন। সাকিব এই ম্যাচে সব ফরম্যাটে ১১ হাজারি ক্লাবে নাম লেখান।
এছাড়া মাহমুদউল্লাহ ৩৩ বল থেকে অপরাজিত ৪৬ ও সৌম্য সরকার ৩০ বলে ৪২ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে ক্রিস মরিস, ইমরান তাহির ও আন্দিলে পেলুকায়ো দুটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই