সিরাজগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৪০০ বিঘা জমির ধান

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের উত্তর চরনাটিপাড়ায় বাঁধ ভেঙে প্রায় ২৫০ জন কৃষকের ৪০০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকদের উদ্যোগে নির্মিত বাঁধটি উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে যায়। 

উত্তর চরনাটিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক হোসেন আলী জানান, দাদনের ওপর ২০ হাজার টাকা নিয়ে তিন বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। অকাল বন্যায় সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গেছে। পরিবারের ছয় জন সদস্যের সারা বছরের খাদ্যের চাহিদা পূরণ হতো এই ধানে।  

চরগিরিশ ইউপি চেয়ারম্যান এস এম জিয়াউল হক বলেন, বাঁধ ভেঙে জমির ধান তলিয়ে যাওয়ায় কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। 

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি কৃষি প্রণোদনা বা পুনর্বাসনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।