এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একইসঙ্গে বেড়েছে ডাল ও চিনির দাম। কয়েকদিন পরেই ঈদ। আর এই কারণে চাহিদা বেশি থাকায় দামের ঊর্ধ্বগতি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
এ সপ্তাহে সব ধরনের মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই মুরগির দাম ছিল ১৬০ টাকা। এছাড়া সোনালী মুরগি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।
হাতিরপুল বাজারে সবজি কিনতে আসা শামীমা নাসরিন জানান, বাজারে সব কিছুর দাম বেশি। ৫০০ টাকার নোট নিয়ে বাজারে গেলে কয়েকটি সবজি কিনতেই টাকা শেষ হয়ে যায়। অন্যকিছু কেনার সুযোগ থাকে না।
একই কথা জানান, পলাশী বাজারে সবজি কিনতে আসা ঢাকেশ্বরী রোডের একটি মেসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্রী জয়শ্রী চৌধুরী। তিনি জানান, খরচ কমাতে নিজেরা বাজার করি। সব কিছুর দাম যেভাবে বেড়েছে, তাতে মাসের ২০ তারিখ যেতেই বাড়ি থেকে আনা টাকা শেষ হয়ে যায়। তাই মাসের শেষ দিকে অনেক কষ্টে চলতে হয়।
রাজধানীর কাওরান বাজারে গিয়ে দেখা যায়, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৪০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ২৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, সিম ৪০ টাকা, লেবু প্রতি হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এই দামের সঙ্গে পলাশী ও হাতিরপুলসহ অন্যান্য বাজারের পার্থক্য রয়েছে। এসব বাজারে সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেশি।
মুরগির দাম বাড়ার কারণ হিসেবে রাজধানীর হাতিরপুল বাজারের সবুজ পোলট্রি ফার্মের মালিক মো. আবুল বাজার জানান, ঈদের কারণে ফার্মের মুরগির চাহিদা বেশি। তাই এ সপ্তাহে দাম একটু বেশি। তবে আগামী সপ্তাহে দাম অনেকটা কমে যাবে। অনেক মানুষ গ্রামের বাড়িতে ঈদ পালন করতে যাওয়া চাহিদা কম থাকবে।