রোহিত শর্মাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ

আগে থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন। এখন আবার ভারত ক্রিকেট দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক। বয়সটাও ৩৪! এই বয়সে এসে নেতৃত্বের পাশাপাশি একের পর এক ম্যাচ খেলে যাওয়া চাট্টিখানি কথা নয়। চাপ পরাটাই স্বাভাবিক। রোহিত শর্মার বেলায় সম্ভবত সেটাই হচ্ছে। চলতি আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়েছে তার দল মুম্বাই।

একাদশে বারবার পরিবর্তন এনেও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আনা যাচ্ছে না। সব ম্যাচেই জয়ী দল প্রতিপক্ষ। এমন অবস্থায় রোহিত শর্মাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বলেছেন, যদি মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে কোয়ালিফাই করতে না পারে তাহলে যেন রোহিত শর্মা নিজেকে বিশ্রাম দেয়।

ক্রিকবাজে এক আলোচনায় মাইকেল ভন বলেন, ‘আমি সত্যিই মনে করি রোহিত শর্মার শ্বাস নেওয়ার সময় এসেছে। কেবল একটি শ্বাস নিতে, আপনি সময় নিন। তারা অনেক বেশি ক্রিকেট খেলে, আপনাকে শ্বাস নেওয়ার সময় খুঁজে বের করে নিতে হবে। এবং মুম্বাই যদি কোয়ালিফাই না করতে পারে, যা প্রায় অসম্ভব। তাই শ্বাস নেওয়ার এখনই সময়।’

তিনি আরও বলেন, ‘তারা অনেক উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলে, এই খেলোয়াড়রা। বিশেষ করে রোহিত শর্মা নিজেকে এবং ভারতের অধিনায়কত্বকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য কিছু সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে পারে।’