রংপুরে ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ঘর পেতে যাচ্ছে ৬৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবার। গতকাল রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক আসিব আহসান।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরসহ মোট ৪ জেলায় ওই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও জানান, রংপুর জেলায় ৩য় পর্যায়ে ১ হাজার ২৯৯টি ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনের বরাদ্দ পাওয়া গেছে। যার মধ্যে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার ৬৭৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৩য় পর্যায়ে ১ হাজার ২৯৯টি ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনের বরাদ্দের মধ্যে সদর উপজেলায় ১০৫টি, কাউনিয় উপজেলায় ১২৭টি, বদরগঞ্জ উপজেলায় ১০০টি, পীরগাছায় ১২০টি, মিঠাপুকুরে ৩০০টি, তারাগঞ্জে ১০৭টি, গঙ্গাচড়া ২০০টি এবং পীরগঞ্জে ২৪০ ঘর বরাদ্দ রয়েছে।
এর আগে, রংপুর জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ২৭৩ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৯৯১টি ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য জমিসহ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহ প্রদানের সনদ, কবুলিয়াত দলিল এবং নামজারীর খতিয়ানও হস্তান্তর করা হয়েছে।