হারের বৃত্তে মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন দলটি এবারের আসরে একটি জয়ের জন্য মাথা কুটে মরছে। শনির দশা পেয়ে বসেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। রবিবার (২৪ এপ্রিল) রাতে তারা হেরেছে টানা অষ্টম ম্যাচে।

ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বাইকে ৩৬ রানের বড় পরাজয় উপহার দিয়েছে লোকেশ রাহুলের লখনৌ সুপার জায়ান্টস। লক্ষ্য ছিল ১৬৯ রানের। রোহিত আর তিলক ভার্মা ছাড়া কেউ লড়াইও করতে পারেননি। রোহিত ৩১ বলে করেন ৩৯, তিলক ২৭ বলে ৩৮ রান। বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

রান তাড়ায় মুম্বাই কখনই জয়ের আশা জাগাতে পারেনি। শেষ ৪২ বলে ৯২ রান নেওয়ার মতো অতিমানবীয় ইনিংস খেলতে পারেননি কেউ। ফলে ৮ উইকেটে ১৩২ রানে থেমেছে স্বাগতিকরা।

এর আগে, লোকেশ রাহুলের ৬২ বলে ১০৩ রানের হার না মানা ক্যাপ্টেনস নকে ভর করে ৬ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় লখনৌ সুপার জায়ান্টস।