ছবি বা ফটোগ্রাফ হচ্ছে সময়ের দর্পণ, এমনকি ইতিহাসের সাক্ষী। সময়ের আবর্তে অনেককিছু হারিয়ে যায়। বাস্তবতার পর্দায় ঢেকে যায় পুরনো স্মৃতি। সে জায়গা থেকে বলা যায়, একটি ছবির অনেক ক্ষমতা। কিছু না বলেও একটা ছবি দিয়ে অনেক সত্যিকে তুলে ধরা যায়। কেননা, কথার চেয়ে ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো সুদৃঢ় হয়ে ওঠে। যখন ক্যামেরা আবিষ্কার হয়নি, এমনি কি কাগজও। তখনও মানুষ মাটি পাথর বা কাঠে খোদাই করে বিভিন্নভাবে চিত্র অংকন করে প্রত্যাশিত ব্যক্তি বা বস্তু এসব দৃশ্য ও স্মৃতি ধরে রাখতো। বিজ্ঞানের অবদানে আর প্রযুক্তির উৎকর্ষতায় পর্যায়ক্রমে মানুষের হাতে আসে ক্যামেরা। এরপর থেকে জীবনের স্বর্নালী মুহুর্তকে মানুষ ধরে রাখতে শুরু করে ফ্রেমবন্দি করে। সাটার টিপে দিলেই ক্লিক ক্লিক ফ্রেমে বন্দি হয় অসংখ্য ছবি। শখের শিল্পীদের হাতে আলোকচিত্র জগতে এসেছে নানা বৈচিত্র্য, চলে নানা কর্মকাণ্ড।
বিগত বছরের ন্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব আয়োজন করেছিলো Intra NSU art & photography Exhibition-2022। এই এক্সিবিশনটিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর আর্ট এবং ফটোগ্রাফিতে পারদর্শিতা প্রকাশের এক অনন্য মঞ্চ হিসেবে গণ্য হয়। এবারের এক্সিবিশনে ৩০০ এর বেশি আলোকচিত্র এবং ৬০ এর অধিকও আর্ট সাবমিশন হয় এবং এর মধ্যে ৭০ টি আলোকচিত্র এবং ২৫টি আর্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির রিসার্চ এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর আশরাফুল আলম পাপলু। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রফেসর আতিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. এম. ইসমাইল হোসেইন, নর্থ সাউথ আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইসর শাহরিয়ার ইকবাল রাজ। আর এক্সিবিশনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক।