কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন।
ইসি জানায়, তফসিলে প্রার্থীদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ রাখা হয়েছে ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।
কুমিল্লা সিটি, ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুসিক নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। এক্ষেত্রে ভোটগ্রহণ করতে হবে আগামী ১৬ মের মধ্যে। কর্মকর্তারা বলছেন, আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। এজন্য মেয়াদ শেষ হবে ২০২২ সালের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এ হিসেবে গত বছর ১৬ নভেম্বর থেকে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে।