পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠছেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ের সঙ্গে এখন ব্যাটিংয়েও আস্হা জোগাচ্ছেন এ তরুণ। দেশের বিখ্যাত কোচ নাজমুল আবেদীন ফাহিম সোমবার (২৫ এপ্রিল) দুপুরে মিরাজের প্রশংসা করছিলেন মিরপুর স্টেডিয়ামে। বিকাল গড়াতেই মিললো দুঃসংবাদ। আঙুলের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটাই শেষ হয়ে গেলো মিরাজের। গত রোববার বিকেএসপিতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান তিনি।
সোমবার ঢাকায় করা স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার ডানহাতের আঙুলে হাড় নড়ে গেছে। আবার কিছুটা চিড়ও ধরেছে।
মিরাজের ইনজুরির সর্বশেষ জানতে চাইলে সোমবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মিরাজের হাতের আঙুলে ডিসলোকেশন আছে। আর একটা ছোট ফ্র্যাকচার আছে। দুই সপ্তাহের জন্য পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। দুই সপ্তাহ পর আমরা আবার রিভিউ করবো।’
জানা গেছে, এই ধরনের চোট সারতে অন্তত তিন সপ্তাহ লাগে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই মিরাজকে পাওয়া যাচ্ছে না। রবিবার মিরাজের মতোই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ফিল্ডিংয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। ব্যথা কমায় মুশফিক এখন সুস্হ। আজ ম্যাচও খেলেছেন প্রিমিয়ার লিগে।
গত রবিবার প্রাইম ব্যাংকের ইনিংসের ১০ম ও ১৭তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিক ও মিরাজ। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় মিরাজের। মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও নিশ্চিত করলেন যে, এই সিরিজে মিরাজকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বরং এখন তার বদলি নিয়েই ভাবতে হচ্ছে নির্বাচকদের। সোমবার নান্নু বলেছেন, ‘হ্যাঁ, মিরাজের ইনজুরিটা বড়। প্রথম টেস্টে পাওয়া যাবে না, এটা নিশ্চিত। পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে।’
দ্রুতই টেস্ট দলে মিরাজের বদলি ঘোষণা করবে বিসিবি। অফস্পিনার নাঈম হাসানই বদলি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।