দাউদকান্দিতে ভুট্টার ফলন ও দামে লাভবান কৃষক

ভুট্টার ফলন এবং দাম ভালো হওয়ায় দাউদকান্দির কৃষকরা এ বছর  খুবই লাভবান হচ্ছেন।

উপজেলার চর মাহমুদ্দী গ্রামের কৃষক আব্দুল হক বলেন, এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে বীজ, সার, সেচ ও অন্যান্য খরচসহ মোট ৭-৮ হাজার টাকা খরচ হয়। এবার প্রতিমণ ভুট্টা গ্রাম থেকেই ১ হাজার ১০০ টাকা দরে ক্রেতারা নিয়ে যাচ্ছেন। প্রতি বিঘা জমির ভুট্টা প্রায় ৩৫ হাজার টাকা বিক্রি করা হচ্ছে। 

একই গ্রামের কৃষক মফিজুল হক পাঠান বলেন, শুধু ভুট্টা বিক্রির টাকাই আসছে না, ভুট্টার গাছ এবং মোচা সারা বছরের রান্নাবান্নার জ্বালানির জোগান দেয়। তিনি বলেন, আগাম ভুট্টা-চাষিরা অধিক লাভবান হন। ঝড়-তুফানে ভুট্টাগাছ হেলেদুলে গেলে ফলন কমে যায়।  

কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, এবার দাউদকান্দিতে ৭ হাজার ৮৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যেসব কৃষক আলু উঠিয়ে ভুট্টার আবাদ করেছে সেগুলো আরো কিছুদিন পরে উঠবে। যারা আগাম আবাদ করেছে তাদের ভুট্টা উঠছে এবং প্রতি হেক্টরে উৎপাদন হচ্ছে সাড়ে ১০ টন থেকে ১১ টন। ফলন এবং দাম দুটোই ভালো পাচ্ছে বিধায় কৃষকরা খুবই লাভবান হচ্ছেন।