বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেলো ৮ গরুরও

রংপুর- কুড়িগ্রাম সড়কের বুড়াইল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। এ সময় পিকআপ ভ্যানে  বহন করা ছয়টি গরুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপজেলার বুড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক দিনাজপুর থেকে আসা একটি গরু বোঝাই পিকআপ বুড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ দুমড়েমুচড়ে যায় আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে পিকআপ চালকসহ ছয়টি গরুর মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত চার বাস যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, পুলিশের র‌্যাকার ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় বাস ও পিকআপটি উদ্ধার করা হয়েছে।