সুইডেনকে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর 'ধর্মীয় বিশ্বাস'কে সম্মান করতে বলেছে চীন। এছাড়া সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে বলেছে দেশটি।
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পোড়ানোর সাম্প্রতিক একটি ঘটনার পর বুধবার (২০ এপ্রিল) সুইডেনের কড়া সমালোচনা করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ইউরোপীয় দেশটির উচিত মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসকে আন্তরিকভাবে সম্মান করা, তাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার সূত্রপাতের ঘটনাকে উল্লেখ করে বলেছেন, বাকস্বাধীনতা জাতিগত বা সাংস্কৃতিক বৈষম্যকে উস্কে দেয়ার এবং সমাজকে বিচ্ছিন্ন করার কারণ হতে পারে না।
বিশ্বের সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘনে হিউম্যান রাইটস ওয়াচের তালিকাভুক্ত চীন। দেশটির বিরুদ্ধে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দিশালায় আটকে নির্যাতনের অভিযোগ অব্যাহত আছে। এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে।