মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার দুটি চিপ কিনলো চীনা বিশ্ববিদ্যালয় 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:৫৩

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের একটি সামরিক বিশ্ববিদ্যালয় গত অক্টোবরে এনভিডিয়ার তৈরি অত্যন্ত শক্তিশালী দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কিনেছে।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা কেনাকাটার নথি অনুযায়ী, চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান বা ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলারে এনভিডিয়ার দুটি ‘এইচ২০০’ চিপ কিনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর হাতে উন্নত প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে বড় ধরনের ফাঁকফোকর রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গত ২১ অক্টোবর প্রকাশিত নথিতে এই কেনাকাটার তথ্য পাওয়া গেছে।

এমন এক সময়ে এ খবর সামনে এল, যখন চীনে এআই চিপ বিক্রির ওপর মার্কিন বিধিনিষেধ শিথিল করার পক্ষে জোর তদবির করায় ওয়াশিংটনে সমালোচনার মুখে রয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। এর মধ্যে সম্প্রতি এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আসায় বিতর্ক আরও বেড়েছে।

হুয়াংয়ের যুক্তি, চীনে যুক্তরাষ্ট্রের চিপ বিক্রি অব্যাহত থাকলে প্রযুক্তিতে মার্কিন নেতৃত্ব বজায় থাকবে এবং চীনা গ্রাহকেরা মার্কিন প্রযুক্তির ওপরই নির্ভরশীল থাকবেন।

তবে মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের আশঙ্কা, এনভিডিয়ার এসব শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ পেলে সামরিক আধুনিকায়ন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও নতুন অস্ত্রের নকশা তৈরির কাজ আরও দ্রুত এগিয়ে নিতে পারবে চীন।

কথিত ওই নারী গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের যোগাযোগের খবর সামনে আসার পর মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান তাকে ১৮ নভেম্বর এ বিষয়ে ব্রিফিং দেওয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছে রয়টার্স। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স

বিশ্ববিদ্যালয়টি যেভাবে চিপ পেল
চীনের ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ নামে পরিচিত সামরিক গবেষণাকেন্দ্রিক সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের হয়ে ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান নিয়ে গবেষণায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালেই বিশ্ববিদ্যালয়টিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকা বা ‘এনটিটি লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯ সালে বিধিনিষেধ আরও কঠোর করা হয়, যাতে বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রযুক্তি না পায়।

রয়টার্সের দেখা নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অনুষদের জন্য চিপ দুটি কেনা হয়েছে। তবে সরাসরি এনভিডিয়ার কাছ থেকে নয়, চীনের স্থানীয় প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি’র মাধ্যমে এগুলো কেনা হয়।

এনভিডিয়ার এইচ২০০ বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপগুলোর একটি। উন্নত এআই মডেল পরিচালনা ও প্রশিক্ষণে এটি ব্যবহার করা হয়। নিয়ম অনুযায়ী, এই চিপ রপ্তানির জন্য মার্কিন সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন। নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে এটি বিক্রির অনুমতি পাওয়ার কথা নয়।

শুধু সরাসরি চিপ কেনাই নয়, চলতি বছর চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সার্ভারের কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়েও এইচ২০০সহ এনভিডিয়ার অন্যান্য শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ ধরনের কম্পিউটিং সক্ষমতা ভাড়ার অন্তত পাঁচটি চুক্তির তথ্য পেয়েছে রয়টার্স।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি এবং এনভিডিয়া এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। আর সরবরাহকারী প্রতিষ্ঠান শানসি বোসুয়ানের কোনো যোগাযোগের ঠিকানাও পাওয়া যায়নি।

সামরিক গবেষণায় এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারি থেকে শর্তসাপেক্ষে এইচ২০০ চিপ চীনে রপ্তানির অনুমতি দিতে শুরু করে। তবে প্রতিটি চালানের জন্য আলাদা অনুমোদন নিতে হবে। একইসঙ্গে কালো তালিকাভুক্ত বা সামরিক প্রতিষ্ঠানগুলো যেন দূর থেকে এসব চিপ ব্যবহারের সুযোগ না পায়, তা নিশ্চিত করার শর্তও রয়েছে।

কিন্তু নথিপত্র বলছে, বিশ্ববিদ্যালয়টি এই চিপ ব্যবহারের সুযোগ পেয়েছে। এর সাইবার নিরাপত্তা অনুষদ গত জানুয়ারিতে আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের জন্য সাত মাস মেয়াদি দুটি চুক্তি করে। প্রায় ৮ লাখ ৮৩ হাজার ইউয়ানের এই চুক্তির উদ্দেশ্য ছিল এআই মডেল আরও উন্নত করা এবং রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণ দেওয়া।

এ ছাড়া রয়টার্স চলতি বছরের আরও ২৬টি সরকারি নথি পর্যালোচনা করে দেখেছে, চীনের বেশ কিছু সামরিক সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে এনভিডিয়ার নিষিদ্ধ চিপ কিনছে। কেউ কেউ এসব প্রতিষ্ঠানের কাছ থেকে চিপযুক্ত সার্ভারের সেবাও ভাড়া নিচ্ছে।

যেমন, গত এপ্রিলে সামরিক গবেষণার সঙ্গে যুক্ত বেইহাং ইউনিভার্সিটি চারটি ‘এ৮০০’ চিপ কেনে। সেপ্টেম্বরে শেনজেন ইউনিভার্সিটি তিনটি ‘এইচ১০০’ চিপ কেনে। আর জুনে উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি এইচ১০০ সার্ভার ও চারটি ‘এ১০০’ চিপ কেনে। এসব চিপের সবই চীনে রপ্তানি নিষিদ্ধ।

এর আগে রয়টার্স জানিয়েছিল, ডেল বা গিগাবাইটের তৈরি সার্ভারের ভেতরে থাকা এনভিডিয়ার চিপ স্থানীয় পুনর্বিক্রেতা বা তৃতীয় কোনো দেশের মজুত থেকে চোরাপথে চীনে আনা হয়। এভাবেই যুক্তরাষ্ট্রের একের পর এক কঠোর নিষেধাজ্ঞা এড়িয়ে চীনা সামরিক বিশ্ববিদ্যালয়গুলো এনভিডিয়ার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলেছে।

ইত্তেফাক/আরএইচ