সংবিধানে প্রত্যেক নাগরিকের সুযোগ-সুবিধার সমতা নিশ্চিত করার কথা বলা হলেও শিশুদের বড় একটা অংশ ক্ষুধা, বৈষম্য, শিক্ষা-দীক্ষাসহ বিভিন্ন অন্যায্যতার স্বীকার হয়। কিন্তু ভাসমান প্রান্তিক শিশুদের ভাগ্যের পরিবর্তনে দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না।
শনিবার রাজধানীর জাকির হোসেন রোডস্থ খেলার মাঠে ‘আমরা সবাই ফাউন্ডেশনের’ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পরিবারের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সব কথা বলেন।
তিনি বলেন, নগরের রাস্তা-ঘাট, রেলস্টেশন, ওভারব্রিজসহ বিভিন্ন স্থানে তাকালেই আমরা অবহেলায়-অনাদরে বেড়ে উঠা পথ শিশুদের দেখতে পাই। যার সংখ্যা দিনে দিনে বাড়ছে। এসব পথ শিশুদের জীবন-জীবিকা নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য-বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা যেতে পারে। বড়বড় শিল্প প্রতিষ্ঠান মালিকদের তাদের কর্পোরেট সিএসআর ফান্ডের একটি অংশ সরকারি সংস্থার মাধ্যমে পথ শিশুদের কল্যাণে ব্যয় করার অনুরোধ করেন তিনি।
ইঞ্জিনিয়ার সাকীল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমরা সবাই ফাউন্ডেশন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান লিপ্টন, মোহাম্মদপুর সমাজকল্যাণ সমিতির সভাপতি হাসানুল হক পান্না, শিশু অধিকার বিশেষজ্ঞ এস.এম মোর্শেদ, রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার সাব্বির আলম লিটু প্রমুখ।